তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র জনগণের কল্যাণে কতটা কাজ করছে তা নিশ্চিত করে গণমাধ্যম। তাই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়, বরং এটি নিশ্চিত করা সরকারের পেশাদার দায়িত্ব।
শুক্রবার (১৩ মার্চ) বগুড়ায় একটি কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের সাতটি জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, “আধুনিক সভ্যতায় গণমাধ্যম একটি অনিবার্য অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা করা সম্ভব নয়।” তিনি রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “যে সমাজে জবাবদিহি থাকে না, সেখানে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত ও লাঞ্ছিত রাষ্ট্রনায়ক তৈরি হয়।” গণমাধ্যমকে শক্তিশালী করার মাধ্যমেই দেশে জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান সরকার।
অনুষ্ঠানে মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং কৃষিঋণ মওকুফসহ জনকল্যাণমূলক পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



