অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস: এভারকেয়ারে চলছে জরুরি মস্তিষ্ক অস্ত্রোপচার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার মস্তিষ্কের অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে। বোর্ডের সদস্যরা সব কিছু পর্যালোচনা করে অবিলম্বে অস্ত্রোপচারের (সার্জারি) পরামর্শ দেন। পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর দ্রুত তাকে ওটিতে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এই উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হকসহ দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে উপস্থিত হলে মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে বর্তমান পরিস্থিতি ও অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *