আসন্ন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে তিন দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে দেওয়া এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবরণীতে উল্লেখ করা হয়, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি এবং সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই সময়টুকু সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে।
২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা শহিদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় এই স্থাপনার পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
এদিকে, তথ্য অধিদপ্তরের পৃথক এক নির্দেশনায় জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ করা যাবে না। পাশাপাশি সড়কের সৌন্দর্য রক্ষায় সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



