নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: কর্মকর্তাদের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত না থাকলে এবং এ সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করে আমাদের বিপুল ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমরা সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর।” তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খনন এবং কৃষি ঋণ মওকুফের মতো বিষয়গুলো নিয়ে সরকার দ্রুত কাজ করছে।

এর আগে সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। সেখানে ওয়ার্ড ও হাসপাতালের চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের শ্রী ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাত্র ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাটের সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো ব্যাধি নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। একটি ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের বন্ধ থাকা বিমানবন্দরটি দ্রুত পুনরায় সচল করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *