বাগেরহাটের রামপালে ১৪ প্রাণহানি: তদন্ত কমিটি গঠন ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন— বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, কমিটি দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

নিহতদের স্বজনদের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসক আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া বর ও কনের দাফন প্রক্রিয়ার জন্য পৃথকভাবে আরও ৪০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিআরটিএ-এর দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল থেকেও নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়। শুক্রবার জুমার আগে ও পরে পৃথক জানাজা শেষে মোংলা, কয়রা ও রামপালে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে বর আহাদুর রহমান ছাব্বির মোংলায় মোবাইল ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং কনে মার্জিয়া আক্তার মিতু আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply