পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষকের হাতে হবে‘কৃষি কার্ড’: উপদেষ্টা ড. রাশেদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তন আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য ‘কৃষি কার্ডের’ প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে। এছাড়া বেকারত্ব দূর করতে আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ড. তিতুমীর অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে দলীয়করণের আখড়ায় পরিণত করেছিল, যার ফলে প্রকৃত অভাবীরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি ঘোষণা দেন, বর্তমান সরকার সকল রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত অধিকারভোগীদের কাছে সরকারি সেবা পৌঁছে দেবে।

উপদেষ্টা আরও জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আজ (১৪ মার্চ) থেকেই ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত মাসিক ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংসদ সদস্য মো. হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও গ্রামীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার বিষয়েও আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *