ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা (৪২০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার পুত্র জুবায়েরের (২২) বসতঘর ও দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ইউএনও সানজিদা রহমান জানান, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুত বা বিক্রি করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দকৃত চাল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং আগামী সোমবার তা এলাকার প্রকৃত গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।



