পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ও মহাসড়কের যানজট পরিস্থিতি সরেজমিনে দেখতে গাজীপুরের চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৮ মার্চ) সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রা ত্রিমোড় এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঈদযাত্রাকে জনবান্ধব করতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পুলিশ প্রশাসন তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে মহাসড়কে যানবাহনের গতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এই গতিশীলতা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় নেতা-কর্মীরাও মাঠে থেকে কাজ করছেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং তার নির্দেশেই এই জনকল্যাণমূলক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সবকিছুই নজরে রাখছেন। বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই প্রত্যাশা অনুযায়ী জনগণের সেবক হয়ে কাজ করে যাবো।”
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, গৃহীত পদক্ষেপগুলোর ফলে এবারের ঈদের ছুটিতে সাধারণ মানুষ কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারবে। এ সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



