ঈদের চাঁদ দেখতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি; বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। বুধবার (১৮ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন লাখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি রমজানের শেষ মুহূর্তে শপিং মলগুলোতেও কেনাকাটার ধুম পড়েছে। সবার নজর এখন বৃহস্পতিবারের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *