খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বচ্ছতার অভাব সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এই খাল কাটা কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হলো এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। খালের সংরক্ষিত পানি ব্যবহার করে তারা সহজেই জমিতে সেচ কাজ পরিচালনা করতে পারবেন, যা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, “খালটি পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এতে কেবল কৃষি নয়, বরং মৎস্য চাষের এক বিশাল সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে।” পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় খালের দুই পাশে গাছ লাগানো হবে এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় টিআর (TR) বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী ওই এলাকায় দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও ত্রাণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



