রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ ও তেলের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে মাঝনদীতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ মাথায় আবার কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, এমভি রেজোয়ান নামের লঞ্চটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসার পর মাঝনদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রচণ্ডতায় দুই যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যান। তবে তারা তাৎক্ষণিকভাবে সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
যাত্রীরা আরও অভিযোগ করেন, লঞ্চের মাস্টারের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা নৌপথে নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি দাবি করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দৌলতদিয়া লঞ্চঘাটে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছালে আহত যাত্রীদের নিরাপদে নামিয়ে প্রাথমিক সহায়তা প্রদান করা হয় এবং তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।



