ইউএনওকে সাধারণ যাত্রী ভেবে ‘বাড়তি’ ভাড়া দাবি, অতঃপর দুই চালককে জরিমানা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে এক অভিনব অভিযান পরিচালনা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এই অভিযান চলাকালে তিনি নিজেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে ভাড়া যাচাই করতে গিয়ে দুই চালকের হাতে পড়েন।

অভিযান সূত্রে জানা গেছে, ইউএনও সাথী দাস যখন মাহেন্দ্র স্ট্যান্ডে যান, তখন দুই চালক তাকে চিনতে না পেরে সাধারণ যাত্রী মনে করেন। তারা গন্তব্যে পৌঁছে দেওয়ার বিনিময়ে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করেন। অনৈতিক এই দাবির বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতেনাতে প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য ও অতিরিক্ত ভাড়া দাবির দায়ে ওই দুই চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় আরও কয়েকজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে প্রশাসনের হস্তক্ষেপে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা সঙ্গে সঙ্গেই ফেরত দেওয়ানো হয়।

ইউএনও সাথী দাস এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “ঈদযাত্রায় কোনোভাবেই সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না। আমরা ঘাট এলাকায় নিয়মিত নজরদারি রাখছি। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *