আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এবারের জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করবেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “এবারের ঈদগাহ ময়দানের জামাত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী এই জামাতে অংশ নেবেন। বিশেষ করে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একই সঙ্গে এখানে নামাজ পড়তে দেখা যাবে।” ঢাকা সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এই জামাতের আয়োজন করা হয়েছে।
প্রস্তুতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সিটি প্রশাসক আবদুস সালাম জানান, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও ওজুসহ নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীকে এই প্রধান জামাতে অংশ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়েছে, ভিভিআইপিদের সুরক্ষায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সরাসরি কাজ করছে। এছাড়া পুরো এলাকা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে থাকবে। বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা কী হবে, তা ঢাকা বিভাগীয় কমিশনার পরবর্তীতে সভার মাধ্যমে জানিয়ে দেবেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।



