ঈদের দিন আট বিভাগেই কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে উৎসবের এই দিনে বাগড়া দিতে পারে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত দু-একদিন ধরে চলা বৃষ্টির এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর আগে গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায় এবং রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে (৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় (১৬.৫ ডিগ্রি সেলসিয়াস)। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার কারণে খোলা মাঠের চেয়ে বিকল্প স্থানে জামাতের প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *