২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসছে। আগামী ৩১ মার্চ এই সময় শেষ হচ্ছে। ফলে হাতে রয়েছে আর মাত্র সাত দিন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত এই সময়সীমার মধ্যেই করদাতাদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
এনবিআর জানিয়েছে, এবার অধিকাংশ করদাতার জন্যই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ঘরে বসেই সহজে যাতে রিটার্ন দেওয়া যায়, সেজন্য ছুটির দিনেও সিস্টেমটি সচল রাখা হচ্ছে। সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ সময় হলেও এবার তিন দফায় সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়।
রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এখন পর্যন্ত ৪১ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন এবং অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়েছেন। এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধনের পর অনলাইনেই প্রয়োজনীয় তথ্য ও কর পরিশোধের সুবিধা রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা শেষ সময়ে তাড়াহুড়ো না করে সতর্কতার সাথে রিটার্ন জমার পরামর্শ দিয়েছেন। তাড়াহুড়োয় ভুল হলে জরিমানা বা আইনি জটিলতার ঝুঁকি থাকে। এজন্য আগে থেকেই আয়-ব্যয়ের হিসাব ও কাগজপত্র প্রস্তুত রাখা এবং জমাদানের পূর্বে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে কর প্রশাসন।



