চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মুদি দোকান ও দোকান সংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযান চলাকালে ছদ্মবেশে তেল কিনতে গেলে দোকানদার মো. মকবুল হোসেন প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অসাধু উদ্দেশ্যে তেল মজুত রাখা ও চড়া দামে বিক্রির সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ একরাম। তিনি জানান, অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



