রাশিয়ার তেল না পেলে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে হাঙ্গেরি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল না পেলে ইউক্রেনকে আর গ্যাস সরবরাহ করবে না হাঙ্গেরি। বুধবার (২৫ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই ঘোষণা দিয়েছেন বলে রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার তেল ট্রানজিট বা সরবরাহ সচল না করবে, ততক্ষণ পর্যন্ত হাঙ্গেরি ইউক্রেনকে গ্যাস সরবরাহ স্থগিত রাখবে। দেশের নিজস্ব জ্বালানি নিরাপত্তা রক্ষা, স্থির জ্বালানি মূল্য বজায় রাখা এবং গ্যাসের সাশ্রয়ী হারের নিশ্চয়তার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে হাঙ্গেরি সরকার সতর্ক করে জানিয়েছিল, যদি ইউক্রেন ড্রুজ্ববা পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ ব্লক করে, তবে হাঙ্গেরি ইউক্রেনকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দিতে পারে। এতদিন পর্যন্ত ইউক্রেন হাঙ্গেরির একটি পাইপলাইনের মাধ্যমে রিভার্স মোডে রাশিয়ান গ্যাস গ্রহণ করে আসছিল। ২০২৫ সালে হাঙ্গেরি থেকে ইউক্রেনে সরবরাহিত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার, যা ২০২২ সালের তুলনায় পাঁচগুণ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেন তাদের মোট আমদানিকৃত গ্যাসের ৪৭ শতাংশই হাঙ্গেরি থেকে আনে, যা যুদ্ধবিধ্বস্ত দেশটির মাসিক চাহিদার ২০ থেকে ৩০ শতাংশ পূরণ করত।

হাঙ্গেরি দাবি করছে, ড্রুজ্ববা পাইপলাইন সম্পূর্ণ সচল ও কার্যকর থাকা সত্ত্বেও ইউক্রেন রাজনৈতিক কারণে তেল সরবরাহ বন্ধ রাখছে। ফলে এই সিদ্ধান্তের পাল্টা প্রতিশোধ হিসেবে হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৯০ বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন বন্ধ রেখেছে এবং ব্রাসেলসের অন্যান্য সিদ্ধান্তে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। গত ১৯ মার্চ ইইউ-এর শীর্ষ বৈঠকেও প্রধানমন্ত্রী অরবান এই অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *