দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ২ তদন্ত কমিটি, সারা রাত চলবে উদ্ধারকাজ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এই তথ্য নিশ্চিত করেন। একই সাথে নিখোঁজদের সন্ধানে সারা রাত উদ্ধারকাজ চলবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরও একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসার পথে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি টেনে তোলা হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটির ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার শুরু করে।

এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। বাসটি তলিয়ে যাওয়ার সময় ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে সারা রাত অভিযান অব্যাহত থাকবে এবং ভোরের আলো ফুটলে উদ্ধারকাজ আরও বেগবান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *