যুক্তরাষ্ট্রে মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সাথে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি মেলানিয়া ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী উপস্থিত ছিলেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সামিট কাজ করছে। বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ সকল অতিথিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ডা. জুবাইদা রহমান সম্মেলনে শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এর আগে গত মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান। তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরলে অংশগ্রহণকারী বিশ্বপ্রতিনিধিরা বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। সম্মেলনের সমাপনীতে তিনি গ্রুপ ফটো সেশন, রিসিপশন এবং বিশেষ সংবর্ধনায় অংশ নেন।

সফরকালে ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও সম্মেলনের সমান্তরালে শিশুদের শিক্ষার উন্নয়নে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান ও তাঁর প্রতিনিধিদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *