নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করবো।” তিনি আরও যোগ করেন, এবার ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং দেশবাসী সম্পূর্ণ মুক্ত ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিনটি পালন করতে পারছে।

বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। তবে স্বাধীনতার এই আনন্দঘন দিনে দলের চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *