বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া এলাকায় দুই গ্রুপের মধ্যে এই তাণ্ডব চলে। এ ঘটনায় স্থানীয় অন্তত ৩০টি বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত রাজিব শেখ চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলম গ্রুপের মধ্যে জায়গা-জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৮ জানুয়ারি চিংগড়িয়া গ্রামের লিচুতলা এলাকায় দুগ্রুপের সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন মারা যান। সেই ঘটনার প্রতিশোধ ও বিরোধের জেরে বৃহস্পতিবারের সংঘর্ষে মনজুরুল আলম গ্রুপের রাজিব শেখ নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অত্যন্ত সংগঠিত হয়ে একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের সক্রিয়তার কারণে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পুলিশও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং রাজিব নামে একজন নিহত হয়েছেন। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।



