বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
আমির হামজা দাবি করেন, জ্বালানিমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে ইসলামবিদ্বেষ প্রতিফলিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে তার সাম্প্রতিক বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। দেশের বর্তমান জ্বালানি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, তেল পাম্পে সরবরাহ সংকটে সাধারণ মানুষ ও হাসপাতালসহ বিভিন্ন সেবা খাত ঝুঁকির মুখে পড়ছে। দক্ষ ও দায়বদ্ধ ব্যক্তিদের দায়িত্ব দিলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন।
তবে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। দলের জেলা সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, “আমির হামজা কোথায় কী বলেন, তা তিনি নিজেই জানেন না। আমাদের দলের নেতাদের নিয়ে তিনি এমন মন্তব্য করতে পারেন না।” তিনি আমির হামজাকে অসংযত বক্তব্য পরিহার করার আহ্বান জানান এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের দিকে ইঙ্গিত করেন।
অন্যদিকে, আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলম টুকু। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। এখানে সব ধর্মের মানুষ দেশ মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল।” আমির হামজার বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কেবল একটি নির্দিষ্ট ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেননি।
বর্তমানে মুফতি আমির হামজা কেবল একজন ধর্মীয় বক্তাই নন, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য হওয়ায় তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



