ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নেই: মার্কিন দূতাবাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস স্পষ্ট করেছে যে, ইউএস ভিসা থাকা মানেই দেশটিতে ভ্রমণের শতভাগ গ্যারান্টি নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং সেখানে কতদিন অবস্থান করতে পারবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তার হাতে। অর্থাৎ, বৈধ ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দেওয়ার এখতিয়ার রাখেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, পারমিটের মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করা অথবা ভিসার ধরন অনুযায়ী অননুমোদিত কোনো কাজে (যেমন টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) লিপ্ত হওয়া গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, সঠিকভাবে ভিসা ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে দেশটিতে অবস্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার ওপরই পরবর্তী ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ভর করে। সম্প্রতি ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের বিষয়ে কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই দূতাবাস থেকে নিয়মিত এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *