রাজশাহী ও খুলনাসহ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে জনস্বার্থে অবিলম্বে নতুন নিয়োগ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর ডিসি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা এবং অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় আরও রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় (মেহেরপুর), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব (উপসচিব) মুহ. রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।

প্রশাসনের মাঠ পর্যায়ে গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা থাকায় নবনিযুক্ত কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *