হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মেহেদী, বিদেশি মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক। শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি ভাঙ্গারি মালামাল বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। ট্রাকটির ভেতরে ভাঙ্গারির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।” জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *