সম্প্রতি দেশে হামের (মিজেলস) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় সরকার টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে এই টিকা সংগ্রহ করা হবে, যা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হতে পারে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, “হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। মহাখালীতে আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় একটি বড় অংশ ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা নিয়মিত টিকার আওতার বাইরে ছিল, তাদের মধ্যেই সংক্রমণের হার বেশি। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর দ্রুত সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, টিকার জন্য ইউনিসেফকে ইতিমধ্যে পেমেন্ট করা হয়েছে। পারচেজ কমিটির অনুমোদন পেলেই অর্ডার চূড়ান্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই মাঠ পর্যায়ে টিকাদান শুরু করা যাবে। টিকা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই বিশেষ কর্মসূচি পরিচালিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।



