সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমান মিয়া।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম এবং মোক্তার হোসেনের ছেলে মোঃ আবুল হাসান।
র্যাব জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ও আবুল হাসানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার হাকিম শেখের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিশেষ রং উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদের বাজারে এই জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এই চক্রের মূল হোতা এবং অন্যান্য সদস্যদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



