প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ: রাজনৈতিক শিষ্টাচারের প্রশংসা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে বিরোধীদলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে দুই নেতা পরস্পরের কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের বাইরে খানিকটা পথ এগিয়ে দেন, যা উপস্থিত সংসদ সদস্য ও কর্মকর্তাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে শরিক হন। জানাজা শেষে তারা দুজনে আলাপ করতে করতে সংসদ ভবনের দিকে হেঁটে যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে ডা. শফিকুর রহমান তার কার্যালয়ে প্রবেশ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই সব রাজনৈতিক দলের প্রতি যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শনের যে ধারা শুরু করেছেন, এই সাক্ষাৎ তারই ধারাবাহিকতা। বিশেষ করে প্রটোকল ভেঙে বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দেওয়ার বিষয়টি দেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *