মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর হুঁশিয়ারি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ের ‘মব কালচার’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মব কালচারের শিকার হয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছে। তিনি নিজেও এই সংস্কৃতির ভুক্তভোগী বলে জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি—বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ (অনুমতি) করব না।”

মন্ত্রী ‘মব’ এবং ‘সুসংগঠিত অপরাধের’ মধ্যে পার্থক্য টেনে বলেন, সবকিছুকে মব বলা ঠিক হবে না। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা সুসংগঠিত পরিকল্পিত অপরাধ। এর বিরুদ্ধে নিয়মিত মামলা ও তদন্তের মাধ্যমে আসামিদের বিচারের আওতায় আনা হচ্ছে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “জনগণের দাবি থাকবেই, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। আমরা বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *