খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আর্চারি, বক্সিং, সাঁতার ও অ্যাথলেটিকসসহ সকল ধরনের খেলাধুলাকে পেশাদারিত্বের উচ্চ শিখরে নিয়ে যেতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নৈতিক বার্তা দেন। তিনি বলেন, “খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার একান্ত অনুরোধ—পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন এবং হবেন না। বরং ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন, দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন।”

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের স্কুলে যেমন অঙ্ক, ইংরেজি, ভূগোল ও ইতিহাস আবশ্যিক হিসেবে পড়তে হয়, আমরা চাচ্ছি, শিশু যে খেলাটিই পছন্দ করুক, সেটি তাকে খেলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও আবশ্যিক করব।” তিনি মনে করেন, বিশ্ব যখন ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করেছে, বাংলাদেশও সেখানে পিছিয়ে থাকবে না।

তরুণদের সাহস জোগাতে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যে মানুষটি কখনো পরাজিত হয়নি, সে আসলে কিছুই করেনি।” তিনি অ্যাথলেটদের হারের ভয় না পেয়ে বারবার চেষ্টা করার এবং সাফ নারী ফুটবলের মতো ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনার অনুপ্রেরণা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বরং জিমন্যাস্টিকস থেকে শুরু করে প্যারা অ্যাথলেটিকস—সব ক্ষেত্রেই সরকার সমানভাবে পৃষ্ঠপোষকতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *