সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা রুমিন ফারহানার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি দেশে চলমান ‘মব কালচার’ বা গণপিটুনি বন্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা তাঁর বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন অত্যন্ত দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত তিনি তাঁর মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি অবগত।”

এ সময় তিনি বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, দীর্ঘ দেড় দশক দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং নেতাকর্মীদের অঙ্গহানি করার একটি কালচার প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে নতুন করে ‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা শুরু হয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই মব কালচারের বলি হয়ে ২৫০ থেকে ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত ২১ ফেব্রুয়ারি তিনি নিজেও এই অপসংস্কৃতির শিকার ও ভুক্তভোগী হয়েছিলেন। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি জানতে চান, দেশে এই বিপজ্জনক সামাজিক ও রাজনৈতিক কালচার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *