‘এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না’: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও যুদ্ধাবস্থার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ব্রিটিশ সেনারা এই যুদ্ধে সরাসরি অংশ নেবে না। প্রধানমন্ত্রীর ভাষায়, ‘এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।’

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কিয়ের স্টারমার জানান, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য কেবল ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষা করা, বিদেশের মাটিতে যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী স্টারমার আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে যুক্তরাজ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই জলপথটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে লন্ডন সচেষ্ট থাকবে।

তবে সামরিক হস্তক্ষেপের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।’ তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের সংকটে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে কূটনীতি এবং আত্মরক্ষামূলক কৌশলের ওপরই বেশি ভরসা করছে। সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *