সংসদে আপত্তিকর মন্তব্যের জেরে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে হাতিয়ায় ঝাড়ু মিছিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ‘ভুয়া ধর্ষণের’ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালন করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্যের বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের মতো দায়িত্বশীল পদে থেকে সংসদে দাঁড়িয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ও অনভিপ্রেত বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দাবি করেন, এই বিভ্রান্তিকর তথ্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে সংসদ ও জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ হুশিয়ারি দিয়ে বলেন, “আব্দুল হান্নান মাসউদকে এই বক্তব্যের জন্য হাতিয়াবাসী ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” একইসঙ্গে উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিন জানান, রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করতে এ ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

বিক্ষোভকারীরা ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *