অবশেষে মুক্তি পাচ্ছে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজ অবশেষে চলাচলের অনুমতি পেয়েছে। ইরানের নিরাপত্তা কাউন্সিল এই সবুজ সংকেত প্রদান করেছে বলে বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

এদিন দুপুরে ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, আটকে থাকা জাহাজগুলো নিরাপদে ফেরত পাঠানোর বিষয়ে ইরান ও বাংলাদেশ সরকার নিবিড়ভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইরানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতির বিষয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, যুদ্ধ নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশকে ইরান সাধুবাদ জানালেও, সেখানে সুনির্দিষ্ট নিন্দা জানানো প্রয়োজন ছিল বলে তারা মনে করেন।

বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, “বাংলাদেশ হলো ইরানের ভাই। আমরা আশা করি, দুর্দিনের সময়ে এক ভাই সবসময় অন্য ভাইয়ের পাশে থাকবে।” জাহাজগুলো এখন দ্রুততম সময়ের মধ্যে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *