প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন জনাব তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল তিনি সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সরকারের বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন। বুধবার (১ এপ্রিল) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি চালু হবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট রাখা হয়েছে। মূলত তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ অ্যাথলেট খুঁজে বের করাই এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার কাজ চলছে। এছাড়া প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া বৃত্তির ব্যবস্থা রাখা হবে। ইতোমধ্যে দেশে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনা হবে।
এদিন স্টেডিয়ামের জীর্ণ দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। তিনি অভিযোগ করেন, অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হওয়ায় স্টেডিয়ামের এই করুণ দশা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।



