চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বার্ষিক মাহফিলে অংশ নিতে চরমোনাই পৌঁছেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাঁরা চরমোনাই দরবারে পৌঁছান।

সফরের শুরুতেই প্রতিনিধি দলটি ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ানে যোগ দেন। বয়ান শেষে তাঁরা পীর সাহেবের সঙ্গে একটি সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।

আসিফ মাহমুদের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে এই সফরে সঙ্গী হয়েছেন।

মতবিনিময়কালে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, এনসিপি নেতারা আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বাদ জোহর মাহফিল স্টেজে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওলামা ও মাশায়েখ এবং সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *