স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনের ক্ষোভ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

সামান্থা শারমিন বলেন, “বিএনপির অবস্থান দেখে মনে হচ্ছে তারা দেশের মানুষকে মোটাদাগে অবহেলা ও অবজ্ঞা করে। তারা জনগণের রাজনৈতিক সত্তা ও বুদ্ধিমত্তাকে খারিজ করে দিতে চায়। আসলে একজন শাসকের জন্য মূর্খ জনগোষ্ঠীকে শাসন করা অনেক সহজ, আর বিএনপির ইনটেনশনও অনেকটা সেরকমই।”

জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে এই এনসিপি নেত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন জুলাই সনদ টেকানো নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এমন অবস্থায় অন্য সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলা এখন বাতুলতায় পরিণত হয়েছে। তিনি আরও বলেন, “আমরা জনগণকে শুধু ভোটার হিসেবে দেখি না, বরং সম্মানিত নাগরিকমন্ডলী হিসেবে দেখি। এখানেই বিএনপির সঙ্গে এনসিপির মৌলিক পার্থক্য।”

আওয়ামী লীগ সরকারের আমলের ক্ষমতার দাপট ও পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সামান্থা বলেন, সেই সময় একটি অরাজনৈতিক জেনারেশন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে বিএনপিও সেই একই পথে হাঁটছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, ক্ষমতার স্বার্থে যারা রাজনীতি বোঝে না, তাদের সামনে আনা রাজনৈতিক দলগুলোর একটি মনস্তাত্ত্বিক কৌশল।

সাক্ষাৎকারে সামান্থা শারমিন সতর্ক করে বলেন, বিএনপি যে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তাতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ ছাত্রজনতার মধ্যে চরম হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জনগণকে শিক্ষিত ও সচেতন করা, কিন্তু বর্তমানে সেই চর্চার পরিবর্তে ভিন্নমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *