জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের নিয়ে একটি ওয়াজ মাহফিলে ‘কদাকার ও কুৎসিত’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত এমপির বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা এই বিচার দাবি করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ চলাকালীন রুমিন ফারহানা তাঁর বক্তব্যে বলেন, “আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত একজন সদস্য কদাকার ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। আমি আপনার কাছে এর বিচার চাইছি।”
রুমিন ফারহানা আরও উল্লেখ করেন যে, সংসদের একজন সদস্য হয়ে অন্য নারী সদস্যদের প্রতি এমন অবমাননাকর ভাষা ব্যবহার অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। তিনি স্পিকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
রুমিন ফারহানার বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদ সদস্য, আপনি রুলস অব প্রসিডিউর (কার্যপ্রণালী বিধি) পড়লে দেখবেন, কেবল সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার উত্থাপন করা যায় না।” এ সময় সংসদে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়লে স্পিকার পরবর্তী কার্যসূচিতে ফিরে যান।



