ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে বাক্যবিনিময় ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনেন বিরোধীদলীয় নেতা। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে এই অধিবেশন চলে।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দাবি করেছেন আমি অসত্য কথা বলে গেছি। আসলে আল্লাহ তাঁকে অপূর্ব দক্ষতা দিয়েছেন; তিনি বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন।” তিনি আরও দাবি করেন, গতকালের একটি প্রস্তাবের বিষয়বস্তু একই থাকলেও কেবল নাম পরিবর্তনের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তিনি কোনো ভুল তথ্য দেননি।
পাল্টা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’র মতো দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, যা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা উচিত। তিনি গতকালের ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, “রুল ৬২ অনুসারে বিরোধীদলীয় নেতাদের ওয়াকআউট করার অনেক পরে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। যা আগে উত্থাপিত হওয়া অসম্ভব ছিল। তাই উনার গতকালের বক্তব্য অসত্য ছিল।”
জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পুনরায় স্পষ্ট করেন যে, একই বিষয়বস্তুর প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য আগে এনেছিলেন, যা গতকাল ভিন্ন নামে এসেছে। তিনি আগের প্রস্তাবটি সম্পর্কে অবগত ছিলেন বলেই মন্তব্য করেছিলেন। দুই নেতার এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে স্পিকার জানান, বিষয়টি গতকালের হওয়ায় এটি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই।



