ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কৃষকদের ভিত্তি শক্ত না হলে দেশে উৎপাদন বৃদ্ধি পাবে না এবং দেশ স্বনির্ভর হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সাভারের ভাকুর্তা ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে কৃষি ঋণ মওকুফের প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে উৎপাদনের যে স্বনির্ভরতার বিপ্লব শুরু করেছিলেন, সেই একই লক্ষ্য নিয়ে বর্তমান সরকারও দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।” তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী হেলথ কার্ড, রেশন কার্ড ও কৃষক কার্ড প্রদানের কার্যক্রম দ্রুত দৃশ্যমান হচ্ছে। এই উন্নয়নমূলক কাজগুলো সফল করতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ঢাকা-২ (আংশিক সাভার) আসনকে ‘শান্তির নীড়’ হিসেবে গড়ে তোলা হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, “অপরাধী যদি আমার নিজের দলেরও হয়, তবুও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
বক্তব্য শেষে তিনি স্থানীয় কয়েকশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ তুলে দেন। অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



