ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: যুক্তরাজ্যে অভ্যান্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে, বাংলাদেশে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রেখেছে সরকার।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের বলি হলো যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন ‘স্কাইবাস’ (Skybus)। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং যাত্রী সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় লন্ডন ও কর্নওয়ালের মধ্যে চলাচলকারী তাদের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্কাইবাস কর্তৃপক্ষ জানিয়েছে, লন্ডন গ্যাটউইক থেকে কর্নওয়ালের সমুদ্রতীরবর্তী শহর নিউকুয়ের মধ্যে বৃহস্পতিবার শেষবারের মতো তাদের ফ্লাইট পরিচালিত হয়েছে। মূলত কর্নওয়াল কাউন্সিল এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের অর্থায়নে ‘পাবলিক সার্ভিস অবলিগেশন’ (PSO) চুক্তির আওতায় এই রুটটি পরিচালিত হচ্ছিল, যার মেয়াদ ছিল আগামী ৩১ মে পর্যন্ত।

স্কাইবাসের ব্যবস্থাপনা পরিচালক জোনাথন হিঙ্কলেস এক বিবৃতিতে বলেন, “উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে যাত্রী বুকিং যেভাবে কমেছে, তাতে এপ্রিল ও মে মাসে এই পরিষেবা চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে।” তিনি আরও যোগ করেন, বিশ্বজুড়ে জ্বালানি সাশ্রয়ের এই সময়ে যাত্রীবিহীন বিমান চালানো অর্থনৈতিক ও পরিবেশগত কোনো দিক থেকেই যুক্তিযুক্ত নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ইস্টার্ন এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পর স্কাইবাস এই রুটের দায়িত্ব নিয়েছিল। লন্ডন থেকে কর্নওয়াল পৌঁছাতে বিমানে সময় লাগে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট, যেখানে ট্রেনে প্রায় ৫ ঘণ্টা সময় ব্যয় হয়। হঠাৎ এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত যাতায়াতকারীরা বিপাকে পড়লেও, স্কাইবাস নিশ্চিত করেছে যে ক্ষতিগ্রস্ত সকল যাত্রীকে টিকিটের অর্থ পূর্ণ ফেরত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *