ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, শুধু জ্বালানি নয়, এর নেতিবাচক প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর। যার ফলে আগামী দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক পরিস্থিতি। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে সরকার এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি, তবে এই পরিস্থিতি কতদিন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে আমরা জনগণের ওপর চাপের বোঝা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে সরকারি তহবিল যদি এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত সেই প্রভাব সাধারণ মানুষের ওপরই পড়বে। তাই সার্বিক বাস্তবতা বিবেচনা করেই আগামীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *