১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে এই বিশাল জনবল নিয়োগের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন এবং এর আগে ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের ব্যয়ের তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা ভ্যাকসিন ও সরঞ্জাম আমদানিতে মোট ৪ হাজার ৬৪৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র ভ্যাকসিন ক্রয়েই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

বরাদ্দের বাকি অর্থ সিরিঞ্জ ক্রয় এবং তা দেশজুড়ে পৌঁছে দেওয়ার পরিবহন ও শিপিং চার্জ হিসেবে ব্যয় করা হয়েছে। মন্ত্রী সংসদে আরও জানান, ভ্যাকসিন কেনা সংক্রান্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত মন্ত্রণালয়ে জমা পড়েনি। তবে যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *