ইরানি হামলার শঙ্কায় বাহরাইনের সঙ্গে সংযোগকারী বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি আরব

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের পক্ষ থেকে সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিবেশী রাষ্ট্র বাহরাইনের সঙ্গে একমাত্র সংযোগ সড়কটি বন্ধ করে দিয়েছে রিয়াদ। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের পক্ষ থেকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে জানান, তেহরান থেকে ছোঁড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার সময় সেগুলোর অংশবিশেষ কয়েকটি জ্বালানি স্থাপনার আশপাশে গিয়ে পড়ে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তী সম্ভাব্য ইরানি হামলা ও নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে সৌদি আরব তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কিং ফাহাদ কজওয়ে’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। প্রায় ১৫ দশমিক ৫ মাইল (২৫ কিলোমিটার) দীর্ঘ এই সেতুটি সৌদি আরবের সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সরাসরি স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধের সিদ্ধান্ত দুই দেশের যাতায়াত ও বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।

উল্লেখ্য যে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চল জুড়ে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *