আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের আইনি বাধা দূর করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে আনুষ্ঠানিকভাবে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়।
আইনমন্ত্রী সংসদে জানান, গুম আগে মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। নতুন এই সংশোধনীর ফলে গুমের শিকার ব্যক্তিদের পরিবার এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার পাওয়ার শক্তিশালী আইনি ভিত্তি পাবে। যারা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আইনটি পর্যালোচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই বিল পাসের মাধ্যমে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
বিলটি পাশের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, তারা নির্দিষ্ট সময়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। অন্যদিকে, আলোচনার এক পর্যায়ে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আইনমন্ত্রীকে বাইরের সমালোচনা এড়িয়ে সংসদের আলোচনার ভেতরেই বক্তব্য সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালের মূল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট-এর অধিকতর সংশোধনকল্পে এই বিলটি আনা হয়। এই পদক্ষেপের ফলে গুমের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার পথ উন্মোচিত হলো।



