হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে আগামী ২০২৭ সালের হজের খরচ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং চাহিদার বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কতটা কমিয়ে আনা সম্ভব, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমান বছরের হজ কার্যক্রম সম্পর্কে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব এবং বাংলাদেশ অংশের যাবতীয় খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি আরবের দেওয়া সময়সীমা (টাইম লাইন) অনুসরণ করে ভিসাসহ অন্যান্য সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিবৃতিতে মন্ত্রী আরও নিশ্চিত করেন যে, আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। সরকার হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।



