এসএসসির প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বুধবার (৮ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন এসএসসি পরীক্ষার প্রবেশপত্রগুলো ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্র সচিবদের কাছ থেকে এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, পরীক্ষা শুরু হওয়ার অন্তত সাত দিন আগেই যেন প্রতিটি পরীক্ষার্থীর হাতে তাদের প্রবেশপত্র পৌঁছে যায়।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে ঢাকা বোর্ডের আওতাধীন সব এসএসসি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে মাঠ পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

প্রবেশপত্র সংক্রান্ত কোনো জটিলতা বা তথ্যের প্রয়োজন হলে বোর্ডের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-২২৩৩৬৯৮১৫) যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *