সেনা কর্মকর্তা সেজে প্রতারণা: দেশবাসীকে আইএসপিআর-এর জরুরি সতর্কবার্তা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, একটি প্রতারক চক্র ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। চক্রটি বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি সংগ্রহ করে নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এভাবে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কেউ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি দেখায় কিংবা কোনো সুবিধা দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জনসাধারণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *