কৃষি খাতে আধুনিকায়ন ও কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানটি টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের কৃষি অর্থনীতিতে স্বচ্ছতা আনা এবং প্রকৃত কৃষকদের প্রণোদনা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রি-পাইলট কর্মসূচির অংশ হিসেবে দেশের মোট ১০টি উপজেলায় একযোগে এই ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। এলাকাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার ও সরকারি ঋণসহ বিভিন্ন কৃষি সহায়তা সরাসরি লাভ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।



