মহানগরীর পতেঙ্গা এলাকায় একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় এই বিশাল মাদকের চালানটি ধরা পড়ে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে একটি ফিশিং বোট বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাতে পতেঙ্গা ঘাটে অবস্থান নেয়। বোটটি ঘাটে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে, তবে র্যাব সদস্যরা ধাওয়া করে ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিক। তারা হলেন—সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম ও ইসমাইল। বাকি ৪ জন বাংলাদেশি নাগরিক হলেন—শাহ আলম, আজম উল্লাহ, ফারুক ও ছানাউল্লাহ। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে এর ইঞ্জিন রুমের ভেতর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে সাগর পথে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এড়াতে তারা ফিশিং বোট ব্যবহার করে সমুদ্র পথকে পাচারের মাধ্যম হিসেবে বেছে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



